২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুনটে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৩

বগুড়ার ধুনটে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগ ও পৌর যুবলীগের সংঘর্ষে তিন নেতাকর্মী আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 07:00 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

শনিবার দুপুরে ধুনট বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদের বিরোধ সৃষ্টি হয়।

ওই বিরোধের জেরে শনিবার সকালে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রিপন ও চপল পক্ষের মারামারি হয়। এতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, ক্রীড়া সম্পাদক সুজন মিয়া ও উপজেলা ছাত্রলীগের উপ-বিভাগীয় সম্পাদক বিপুল হোসেন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে চপল মাহমুদ বলেন, “রিপনের ছোট ভাই বিপুল হোসেন মাঝেমধ্যেই আমার লোকজনকে অকথ্যভাষায় গালাগালি করে। এ বিষয়ে রিপনকে বলতে গেলে তারা আমার দোকানে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে আমাকেসহ যুবলীগ নেতা সুজনকে মারধর করে।”

সুজন ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপন বলেন, “আমার ছোট ভাই বিপুলসহ ছাত্রলীগ নেতাকর্মীরা স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ খেলার মাঠ থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয়।

“এ বিষয়ে তাকে বলতে গেলে তার লোকজন আমাদের উপর হামলা করে আমার ছোট ভাইকে মারধর করে।”

পুলিশ কর্মকর্তা ফারুকুল বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শুনেছি মারামারিতে তিন জন আহত হয়েছে।”