২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পত্রিকা বিক্রেতাকে গলা কেটে খুন

রংপুর নগরীর বাহারকাছনা জুম্মাপাড়া এলাকায় এক সংবাদপত্র বিক্রেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2016, 10:42 AM

Updated : 20 Aug 2022, 02:26 PM

নিহত আখতারুজ্জামান বাবু (৩০) ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।

কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, বুধবার মধ্যরাতে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরের একটি পুকুরপারের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

“তার গলা কেটে মাথাটি প্রায় বিচ্ছিন্ন করা হয়েছে। মাথায় অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ধানক্ষেতে এনে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

পারিবারিক কলহের জেরে তিনি খুন হতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা জানান ওসি জাহিদুল।

নিহত বাবুর বড় ভাই রাশেদুজ্জামান বলেন, বুধবার বিকেলে বাহারকাছনা বাজারে যান বাবু। এরপর আর ফিরে আসেননি। রাত সাড়ে ১২টার দিকে লাশ খুঁজে পাওয়া যায়।

বাবু এক বছর আগে বিয়ে করেন বলে জানান রাশেদুজ্জামান।

রংপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বলেন, বাবু ১২ বছর ধরে পত্রিকা বিক্রি করে আসছিলেন। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল বলে মনে হয়নি।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।