ফরিদপুরে ২ লাশ, পুলিশ বলছে ডাকাত
ফরিদপুর সদর উপজেলায় দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধ থামাতে গিয়ে পুলিশ ‘ফাঁকা গুলি ছোড়ার পর’ ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করার কথা জানিয়েছে।
কৈজুরী ইউনিয়নের পিয়ারপুরে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে পিয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাত বুন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ডাকাতদল পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুল ইসলাম মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও আটটি হাতবোমা উদ্ধার করেছে বলে জানান ওসি নাজিম।
ঘটনার পর পুলিশ নিহতদের নাম-পরিচয় জানে না বলে দাবি করে। পরে তাদের পরিচয় উদঘাটন করা হয়েছে বলে জানায়।
নিহতরা হলেন - শরীয়তপুর জেলার পালং উপজেলার চররোসন্দি গ্রামের আবদুল করীম ফকিরের ছেলে ফারুক ফকির (৪৫) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার কদমতলা গ্রামের রতন মিয়ার ছেলে হৃদয় হোসেন মানিক ওরফে লেংরা মানিক (৩০)।
ওসি নাজিম বলেন, নিহত ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ ছয়টি এবং মানিকের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে।
“দুইজনই বেশ কিছুদিন আগে সংগঠিত ফরিদপুরের মেঘনা জুয়েলার্সে ডাকাতির সঙ্গে জড়িত ছিল।”
