২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীকে হাসপাতাল থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় হাসপাতাল থেকে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 09:12 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

বুধবার দুপুরে মেয়েটির মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের তিনজনকে আসামি করে মামলাটি করেন বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান।

মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন (২৫) হাসপাতাল সংলগ্ন রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার কালু মিয়া ওরফে কালু মিস্ত্রির ছেলে।

তাছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষা করতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মায়ের সঙ্গে সোমবার রাতে হাসপাতালে ছিল স্কুল পড়ুয়া মেয়েটি (১৪)। রাত ১টার দিকে হাসপাতালের শৌচাগার থেকে মায়ের কাছে ফেরার পথে ৫/৬ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়।

ঘটনার ঘণ্টা-দেড়েক পর স্থানীয়রা হাসপাতাল সংলগ্ন কবরস্থান এলাকা থেকে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে বলে জানান ওসি।

মেয়েটির পরিবারের অভিযোগ, এ ঘটনার পর মঙ্গলবার সকালে অজ্ঞাত ২/৩ জন যুবক হাসপাতালে এসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়েছে। তাই তারা মঙ্গলবার মামলা করতে সাহস পায়নি।

ওসি আবুল খায়ের বলেন, ঘটনা শুনে মেয়েটির বাড়ি গিয়ে বাবা-মার সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলার পর বুধবার দুপুরে তার মা বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ ঘটনা তদন্ত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য আদিল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনা শুনে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ওই সময় দায়িত্বরত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছেন।

“এতে নাইট গার্ডের দায়িত্বে থাকা মোজাম্মেল ও রাশেদের কথাবার্তায় ব্যাপক অমিল পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে, ঘটনায় জড়িতদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।”

এ ব্যাপারে ব্যবস্থা নিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছে বলেও জানান তিনি।