২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ভারতে ছাপানো প্রাথমিকের পাঠ্যবই

আসতে শুরু করেছে ভারতে ছাপানো প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার বিকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০১৭ সালে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণের ওই পাঠ্যবই দেশে প্রবেশ করে বলে জানান বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমীর আহম্মেদ।

তিনি বলেন, ভারতে ছাপা ২০ লাখ ১৩ হাজার ৬০০ কপি পাঠ্যবইয়ের দুটি চালান বিকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বই ছাড় করানোর আনুষ্ঠানিকতার কাজ চলছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭টি বইয়ের মধ্যে এ পর্যন্ত দুটি চালানে মাত্র ২০ লাখ ১৩ হাজার ৬০০ বই বেনাপোল বন্দরে এসেছে।

বুধবার পর্যন্ত ১১টি ট্রাকে কিছু বই বন্দর ছেড়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভারতের কলকাতার ‘কৃষ্ণা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭টি ছাপা বই সরবরাহের কাজ পেয়েছে। আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সব বই ভারত থেকে চলে আসবে।

ভারত থেকে আসা বইয়ের ৫০ শতাংশ বই বিভিন্ন উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান পরিবহনের দায়িত্ব পাওয়া বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী।

বৃহস্পতিবার বাকি বই গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।