কালীগঞ্জে মন্দিরে প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কে বা কারা চলবলা ইউনিয়নের শিয়ালখাওয়া মাস্টারপাড়া এলাকার শ্মশান কালীমন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
মন্দির কমিটির সদস্য আশীষ কুমার রায় বলেন, রাতে কে বা কারা মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনটি প্রতিমার মাথা ভেঙে ফেলে এবং একটিতে অগ্নিসংযোগ করে। বুধবার সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পান।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো, সাজ্জাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে তারা ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
