২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 05:37 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভারতের মাওলানা জমসেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন জানান, গত শুক্রবার বাদ ফজর থেকে পাঁচ দিনব্যাপী এই জোড় ইজতেমা শুরু হয়। এতে তাবলীগের মুরুব্বিরা জোড় ইজতেমায় অংশ নেওয়া তিনচিল্লাধারী মুসল্লিদের ইসলাম প্রচার ও প্রসারের বিভিন্ন দিক ও পদ্ধতি নিয়ে তালিম দেন।

প্রায় আড়াই লাখ মুসল্লি এবারের জোড় ইজতেমায় অংশগ্রহণ করেন উল্লেখ করে গিয়াস উদ্দিন বলেন, তারা দেশ-বিদেশে ইসলামি দাওয়াতের কাজ সেরে আবার আগামী জানুয়ারিতে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দেবেন।

প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটি জানায়, আগামী ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে এ পর্ব শেষ হবে। চার দিন বিরতির পর ২০ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ২২ জানুয়ারি ওই পর্ব শেষ হবে।