২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দশ টাকার চাল আত্মসাৎ: ডিলারের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হত দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে আত্মসাতের ঘটনায় এক ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

সোমবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল বাদী হয়ে কঞ্চিবাড়ী ইউনিয়নের ডিলার এমিল ছাদেকিন সম্রাটসহ অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে এ মামলা করেন বলে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি  বলেন, সম্রাট গত নভেম্বর মাসের বরাদ্দ ৩০ কেজি ওজনের ৮৮১ বস্তা চাল উত্তোলন করেন। গত ২৯ নভেম্বর ওই চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

“এর পরদিন সম্রাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিলকে মোবাইলে ফোন করে বলেন, তার কেন্দ্রের জন্য বরাদ্দ সব চাল বিতরণ শেষ।

“কিন্তু রোববার বিকেলে ইউনিয়নের ছিলামনি বাজারে তার নিজস্ব গুদামে থেকে ৬৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে তা আটক এবং গুদামে তালা লাগিয়ে দেয়।”

খবর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম ও পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ডিলারের ওই গুদাম থেকে আরও  ১৬৫ বস্তা চাল জব্দ করেন বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা আতিয়ার বলেন, উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল ওয়াহেদকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার পর থেকে সম্রাট পলাতক রয়েছেন। 

পুরনো খবর:

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৫ বস্তা চাল আটক