টমেটো পাকাতে ওষুধ, ৯ ব্যবসায়ীকে জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে টমেটো পাকাতে ওষুধ ব্যবহার করায় নয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে গোদাগাড়ীর হেলিপ্যাড মাঠে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান রাজশাহী র্যাবের এএসপি নূরে আলম।
এ সময় ওষুধ দেওয়া ৮/৯ মণ টমেটো ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান।
র্যাব কর্মকর্তা বলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “ওই ওষুধের বোতলে স্পষ্টভাবে লেখা রয়েছে ফল পাকানোর জন্য ব্যবহার করা যাবে না। তবুও তারা টমেটো পাকানোর জন্য সেটি ব্যবহার করছিল।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
