২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় গাজীপুরের বরখাস্ত মেয়র রিমান্ডে

চাঁদাবাজি ও মারধরের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

রোববার বিকালে গাজীপুরের বিচারিক হাকিম মো. আব্দুল হাই এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে টঙ্গী শিলমন এলাকার মো. রমিজ উদ্দিন গত ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় এম এ মান্নানসহ ৭ জনের নামসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি বলেন, ওই মামলায় তদন্ত কর্মকর্তা মান্নানকে জিজ্ঞাসাবাদের পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর এবং আগামী দুই দিনের মধ্যে তা কার্যকরের আদেশ দেয়।

রিমান্ড শুনানির জন্য দুপুরে মান্নানকে আদালতে আনা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী আদলত চত্বরে ভিড় জমান।

বরখাস্ত এই মেয়রের আইনজীবী মো. শহীদুজ্জামান জানান, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। ২২ মামলায় হাই কোর্ট থেকে জামিন লাভের পর তিনি চলতি বছরের ২ মার্চ কারামুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান। এ অবস্থায় চলতি বছর ১৫ এপ্রিল মান্নানকে ফের নাশকতার মামলায় গ্রেপ্তার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ফের বরখাস্ত করা হয়।

গত ১৫ এপ্রিল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।