এনসিসির মেয়র পদে লড়াইয়ে ৭ জন, সরে দাঁড়ালেন জাসদের মোসলেম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল আইভীর পাশে থাকার ঘোষণা আসার পর মেয়র পদ থেকে জাসদের মোসলেম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ ও কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এর ফলে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানসহ মোট সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন লড়বেন।
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে রোববার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
