২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া জেলা পরিষদে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিজের জেলা কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে তার দল সমর্থিত চেয়ারম‌্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 11:04 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

নির্বাচন কমিশন বলছে, জেলা পরিষদের সনদধারী ঠিকাদার হওয়ায় গোলাম মহসিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তবে জেলা জাসদ সভাপতি মহসিন বলছেন, নির্বাচন কমিশন ‘ষড়যন্ত্রমূলকভাবে’ তার মনোনয়নপত্র বাতিল করেছে।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম‌্যান ও সদস‌্যরা। এই ভোটে অংশ নিচ্ছে না বিএনপি ও জাতীয় পার্টি।

কুষ্টিয়ায় জাসদ নেতা মহসিনের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখন তিনিই সেখানে একমাত্র বৈধ প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বলেন, “চেয়ারম্যান প্রার্থী গোলাম মহসিন জেলা পরিষদের লাইসেন্সধারী ঠিকাদার। বর্তমানে জেলা পরিষদে তার একটি কাজ চলমান রয়েছে।

“নিয়ম অনুযায়ী জেলা পরিষদের লাইসেন্সধারী কোনো ঠিকাদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এ কারণে গোলাম মহসিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”

এ বিষয়ে মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা পরিষদের ঠিকাদারির লাইসেন্স কয়েকদিন আগেই অঙ্গীকারনামার মাধ্যমে এক আত্মীয়ের নামে হস্তান্তর করেছি। সে সব নথিপত্রের অনুলিপি মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করেছি। এরপর নির্বাচন কমিশন ষড়যন্ত্রমূলকভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেছে।”

বিষয়টি নিয়ে বিভাগীয় নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।