মহাস্থানগড়ে সার্ক সাংস্কৃতিক রাজধানীর উদ্বোধন জানুয়ারিতে
সার্কের সাংস্কৃতিক রাজধানী মহাস্থানগড়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি বগুড়া আসছেন বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার বগুড়া সার্কিট হাউজে ‘সার্ক কালচারাল ক্যাপিটাল’ সম্পর্কিত মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।
২০১৫ সাল থেকে সার্কভুক্ত দেশগুলোর একটি প্রাচীন অঞ্চলকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে। গত বছর আফগানিস্তানের বামিয়ানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
এরই ধারাবাহিতকতায় চলতি বছরের ২৪ নভেম্বর বগুড়ার মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় সার্ক কালচারাল সেন্টারের পক্ষ থেকে।
এ সময় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক আলতাব আলী, বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।
এর আগে মন্ত্রী সাংস্কৃতিক রাজধানী হিসেবে মহাস্থানগড়কে সাজানোর জন্য যে স্থাপনা তৈরি হয়েছে তা পর্যবেক্ষণ করেন।
আগামী এক বছর সার্কের সাংস্কৃতিক রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান আসাদুজ্জামান নূর।
