হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে রাজশাহীতে হরতালের ডাক
হোল্ডিং ট্যাক্স কমানোসহ চার দফা দাবিতে আগামী ১১ ডিসেম্বর রাজশাহী নগরীতে হরতাল ডেকেছে নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ।
শনিবার সংবাদ সম্মেলন করে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের কর্মসূচি দেন সংগঠনের আহ্বায়ক এনামুল হক।
নগরীর সোনাদীঘি মোড়ে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি।
এসময় সদস্য সচিব ফরিদ মামুদ হাসানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনামুল হক বলেন, রাজশাহী সিটি করপোরেশনের বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স কমানোসহ চারদফা দাবিতে তারা আন্দোলন করে আসছেন। কিন্তু কোন ফল পাওয়া যাচ্ছে না।
“তাই হরতালের ডাক দিতে বাধ্য হয়েছি। আগামী ১১ ডিসেম্বর আধাবেলা হরতাল পালনের জন্য নগরবাসীকে আহ্বান জানাচ্ছি।”
তাদের চারদফা দাবি হলো হোল্ডিং ট্যাক্স কমানো, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও সাইন বোর্ড ফি বাতিল এবং ভ্যাট আরোপ সহনীয় পর্যায়ে রাখা।
