আইভীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ তুলেছেন বিএনপির সাখাওয়াত হোসেন খান।
শুক্রবার দুপুরে নগরীর নিতাইগঞ্জে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে এ অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সাখাওয়াত হোসেন বলেন, “মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মিছিল ও মাইক নিয়ে সকালে সিদ্ধিরগঞ্জে প্রচার চালিয়েছেন। উনি ফুল দিয়ে নৌকা বানিয়ে গাড়িতে রেখেছেন। এটা নিশ্চিত আচরণবিধি লংঘন।”
এ বিষয়ে আইভীর মিডিয়া সেলের সমন্বয়ক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আচরণবিধি লংঘন করিনি। যিনি অভিযোগ করেছেন এটা প্রমাণের দায়িত্ব তার।”
রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তৃণমূলের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা
বিকালে শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এ সভায় আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল , প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য আবদুল্লা আল কায়সার হানসাত, জেলা সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ-সভপতি চন্দন শীল উপস্থিত ছিলেন।
দলটির জেলা ও মহানগরের নেতা আইভীকে বিজয়ী করতে এক সঙ্গে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন অসীম কুমার উকিল।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইভী-শামীম ওসমানকে নিয়ে নারায়ণগঞ্জ মানুষের মধ্যে ও চায়ের টেবিলে যেসব মুখোরোচক গল্প আছে এই সভার পর তার অবসান ঘটবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২২ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।
