২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তির ১৯ বছরে পাহাড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৯ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 04:28 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রা শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সংগঠনের শত শত নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে অংশগ্রহণ করে।

টাউন হলের সামনে সমাবেশে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, শান্তিচুক্তির আগের পার্বত্য চট্টগ্রাম অপেক্ষা বর্তমান পার্বত্য চট্টগ্রামের অনেক পরিবর্তন ও উন্নয়ন হয়েছে।

শান্তিচুক্তি বাস্তবায়নসহ এখানকার সকল সম্প্রদায়ের সম্প্রীতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কুজেন্দ্র লাল বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পাহাড়ের বহুভাষী জনগোষ্ঠী ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে শান্তির পথে এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সামরিক শাখা ‘শান্তিবাহিনী’ গঠিত হয় পঁচাত্তরে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের পর। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের সঙ্গে জেএসএসের পার্ব‌ত‌্য শান্তি চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় শান্তিবাহিনীর অস্ত্র সমর্পণের ফলে পাহাড়ে রক্তাক্ত সংঘাতের অবসান ঘটে।