২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ৬ দোকানে আগুন

শরীয়তপুর শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 01:13 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

জেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আ. রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই এলাকার কালাম খানের রঙের দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের আরও পাঁচটি দোকানে ড়িয়ে পড়ে।

“খবর পেয়ে শরীয়তপুর, মাদারীপুর ও ডামুড্যা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি দোকান মালপত্রসহ পুড়ে যায়।”

আফজাল খানের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকবে বলে ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক ধারণার কথা জানান ফায়ার কর্মকর্তা রহমান।

ক্ষতিগ্রস্ত আসবাবপত্রের দোকানের মালিক হাকিম মাদবর বলেন, “আগুনে আমার দোকানের পেছনের কারখানাসহ সবকিছু পুড়ে গেছে।

“দোকানে থাকা নগদ টাকাও পুড়ে গেছে। এতে আমার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ব্যাংকে বহু টাকা লোন আছে। আমি এখন কী করে শোধ করব।”

পুড়ে যাওয়া একটি ক্রোকারিজ দোকানের মালিক শাহিন খান বলেন, “আগুনে আমার দোকান ও মালপত্র পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা ঘর থেকে কিছুই সরাতে পারিনি।”

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা রহমান।