গোপালগঞ্জে চাকা পাংচার হয়ে বাস সংঘর্ষে, নিহত ১
গোপালগঞ্জ সদর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।
ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা।
নিহত আক্কাস (৫৫) ফাল্গুনী পরিবহনের চালক বলে স্থানীয়রা জানিয়েছে।
ওসি সেলিম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস ঘোনাপাড়ায় পৌঁছালে সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়।
“এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। আহত হন বাস ও ট্রাকের চালকসহ অন্তত ২৬ জন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর আক্কাস নামে একজনের মৃত্যু হয়।”
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার হাসপাতালে হতাহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বলে জানান ওসি সেলিম।
হাসপাতালের সহকারী পরিচালক চৌধুরী ফরিদুল ইসলাম বলেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা ও খুলনায় পাঠানো হয়েছে।
