নারায়ণগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, সকালে নগরীর দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাহবুব হোসেন লাবু মাসদাইর বেকারী মোড় এলাকার ইউনুস আলীর ছেলে।
মাহবুরের বিরুদ্ধে বিভিন্ন ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানালেও বিস্তারিত তথ্য দিতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে নগরীর দেওভোগে অভিযান চালিয়ে সন্ত্রাসী মাহবুব হোসেন লাবুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
“পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকায় হাজী নুরুল ইসলামের পরিত্যক্ত দোচালা টিনের ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চলছে বলে তিনি জানান।
