গাজীপুরে শিশুছাত্রকে ‘যৌন নিপীড়ন’, গ্রেপ্তার ১
গাজীপুর শহরে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা শিক্ষককে ‘পালাতে সহযোগিতা করার’ অভিযোগে শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান।
ওই শিশুশিক্ষার্থী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এক প্রবাসীর ছেলে।
ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, “চতুর্থ শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীকে ২২ নভেম্বর রাতে শিক্ষক মোহাম্মদ সোহেল যৌন নিপীড়ন করেন বলে মামলায় অভিযোগ করেছেন তার মা।
“জড়িত শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে বুধবার রাতে প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।”
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ বলেন, “শিশুটিকে যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।”
শিক্ষার্থীর পরিবার বলছে, নিপীড়নের সময় শিশুটির চিৎকার শুনে দশম শ্রেণির শিক্ষার্থীরা এসে তাকে উদ্ধার করে। এরপর শিক্ষার্থী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শহিদুল ইসলাম গ্রেপ্তারের আগে দাবি করেছিলেন, ওই ছাত্রের এক আত্মীয়র কাছে পাওনা দেড় লাখ টাকা পরিশোধের তাগাদা দেওয়ায় তার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে।
