যশোরে ‘গোলাগুলির পর’ যুবকের লাশ উদ্ধার
যশোর সদর উপজেলায় দুই পক্ষে গোলাগুলির পর ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, পাঁচবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে যশোর-মাগুরা মহাসড়ক থেকে বুধবার রাত ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর বলে জানালেও তার নাম-ঠিকানা বলতে পারেনি পুলিশ।
ওসি ইলিয়াস বলছেন, দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক আবদুর রশিদ জানান, পুলিশ ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার মাথার ডান পাশে একটি গুলি লেগেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানান ওসি ইলিয়াস।
