সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা, ডাকাতিসহ নয়টি মামলার এক আসামি নিহত হয়েছেন।
বুধবার রাতে সাড়ে ১০ টার দিকে উপজেলার জাঔল ব্রিজের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এএসপি হাসিবুল আলম জানান।
নিহত দুলাল হোসেন (৪৮) বেলকুচি উপজেলার সমেসপুরে গ্রামের প্রয়াত আফজাল হোসেনের ছেলে।
র্যাব বলছে, দুলালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে ।
এএসপি হাসিবুল বলেন, “দুলাল ও তার সঙ্গীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে সেখানে অভিযানে যায় র্যাব সদস্যরা।
“এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর তার সঙ্গীরা পালিয়ে যায় এবং সেখান থেকে দুলালের লাশ উদ্ধার করা হয়।”
গোলাগুলির এ ঘটনায় এক র্যাব সদস্য সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
