২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন টাওয়ারে ওঠা তরুণকে উদ্ধার

গাজীপুরে মোবাইল ফোনের ৬৮ মিটার উঁচু টাওয়ারের মাথায় উঠে বসা এক তরুণকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিচে নামিয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বুধবার বেলা ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে গ্রামীণফোনের একটি টাওয়ারে উঠে পড়েন তোখরেজুল ইসলাম (১৯) নামে ওই তরুণ। খবর শুনে এলাকার উৎসুক লোকজন স্টেশন এলাকায় ভিড় জমায়।

জয়দেবপুর ফাসার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাকে নিচে নামানো সম্ভব হয়েছে।

“ওই তরুণের কাছে পৌঁছালে তিনি খাবার ও সিগারেট চান। এসব দেওয়া হলেও নিচে নামতে চাচ্ছিলেন না। পরে নামানো সম্ভব হয়।”

টাওয়ারের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী পলাশ মিয়া বলেন, “আমি দায়িত্ব পালন করার সময় এই তরুণ সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়েন।

“তার পিছু নিলেও টাওয়ারের দিকে ছুটে গিয়ে দ্রুত ওপরে উঠে যান। টাওয়ারের কিছু তারও কেটে ফেলেন তিনি। আমি তাকে নামাতে না পেরে কর্তৃপক্ষ ও স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিই।”

গ্রামীণফোনের টেকনিশিয়ান মো. বোরহান উদ্দিন জানান, ৬৮ মিটার টাওয়ারের মাথায় উঠে এই তরুণ কিছু তার কাটলেও এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।