২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ সুষ্ঠু আছে: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলে মনে করেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সদ্য সাবেক হওয়া মেয়র সেলিনা হায়াত আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 09:38 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

মঙ্গলবার নগরীর শহীদনগর এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোগনগর ইউনিয়ন কমান্ড কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

“নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও স্বাভাবিক আছে। এখনও কোনো ঘটনা ঘটেনি এখানে। আমি যতদূর জানি সকলে নিয়ম কানুন মেনেই কাজ করছেন।

“আমি মনে করি, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের পদক্ষেপ নেয় তাহলে নারায়ণগঞ্জের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।”

Image
মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলছেন আইভী

মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলছেন আইভী

বিএনপির সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে। আমি বলতে চাচ্ছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা চাই, যাতে নারায়ণগঞ্জবাসী উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।”

মেয়র পদে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নির্বাচনে সোনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন।

বিকালে গোগনগর ইউনিয়ন কমান্ড কার্যালয়ে গেলে মুক্তিযোদ্ধাসহ এলাকার মানুষ তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান।

নির্বাচনের ব্যাপারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঘরোয়াভাবে আলোচনা করতে তিনি সেখানে যান বলে জানান।

আগামী ২২ ডিসেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ হবে।