২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তি: পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানকে তলব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগের মামলায় বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুদারকে তলব করেছে মাগুরার একটি আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 09:04 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা বসু মঙ্গলবার এ সমন জারির আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কাজী সিরাজ উদ্দিন মিহির জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি ও ঔদ্ধত্যপূর্ণ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ‘মাগুরা অক্সফোর্ড পলিটেকনিকের’ অধ্যক্ষ ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’ জেলা শাখার সভাপতি মো. মকবুল হোসেন জীবন গত ২৪ অক্টোবর এ মামলাটি করেন।

“আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় এবং মঙ্গলবার মামলার পরবর্তী দিন রাখে।”

মঙ্গলবার শুনানি শেষে বিচারক সমন জারির এ আদেশ দেন বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী জানান, গত ২৭ অগাস্ট একটি টিভি চ্যানেলে মিহির কান্তি মজুমদারকে নিয়ে একটি দুর্নীতির খবর প্রচারিত হয়। যেখানে তিনি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অসম্মানজনক’ কথা বলেন।