ফুলবাড়িয়ায় নিহতদের দাফন সম্পন্ন
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারি করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক কবরস্থানে সোমবার বিকালে তাদের দাফন হয়।
ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে রোববার ওই সংঘর্ষের ঘটনায় কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারী সফর আলী (৭০) মারা যান।
কলেজের গণিত বিভাগের শিক্ষক মেহেদি হাসান বলেন, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদেরপুর গ্রামের বাড়িতে সোমবার বিকালে শিক্ষক আবুল কালাম আজাদের দাফন হয়।
নিহত আজাদ ওই কলেজের একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন বলে জানান শিক্ষক মেহেদি হাসান।
তিনি বলেন, আজাদ ওই কলেজে ২৭-২৮ বছর চাকরি করেন। তার স্ত্রী সাইফুন্নাহারও একই কলেজের বাংলা বিভাগের শিক্ষক। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে আজাদ ময়মনসিংহ শহরের জামতলার একটি বাসায় থাকতেন।
আজাদের মৃত্যুর জন্য তার বড় ভাই আব্দুস সালাম পুলিশকে দায়ী করেছেন। পরিবারের পক্ষ থেকে তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এছাড়া ঘটনার নেপথ্যে কেউ জড়িত থাকলে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
অপর নিহত সফর আলীকে সোমবার বিকালে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরইতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দাফনের পর সফর আলীর স্ত্রী ফাতেমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামীই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সবার ছোট ১৩ বছরের ছেলেসহ তিন ছেলেমেয়েকে নিয়ে আমি এখন কিভাবে চলব?”
তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
কলেজ সরকারি করার দাবিতে প্রায় দেড় মাস ধরে শিক্ষক-শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন। দেড় মাস ধরে প্রায় প্রতিদিনই কলেজে মিছিল-সমাবেশ হচ্ছিল।
কলেজ সরকারিকরণের দাবি আদায় কমিটির আহ্বায়ক কলেজ শিক্ষক এস এম আবুল হাসেম বলেন, “পুলিশ আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে প্রথমে বাধা দেয়। এরপর দাবি আদায় কমিটি বিকাল পর্যন্ত সড়ক অবরোধের ঘোষণা দেয়। এতে আন্দোলনকারীরা কলেজ থেকে বেরিয়ে এলে পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা করে। এতে দুইজনের মৃত্যু হয়।”
তবে পুলিশ দায়ী করেছে আন্দোলনকারীদের।
ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব বলেন, “আন্দোলনকারীরা পুলিশকে ইট নিক্ষেপ করছিল। তাদের ছত্রভঙ্গ করতেই লাঠিপেটা করা হয়।”
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে অনেক দূরে, উপজেলা পরিষদের সামনে সফর আলী অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশই তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
কলেজ শিক্ষক আবুল কালামের মৃত্যুর বিষয়ে ওসি বলেন, “এটা আমাদের জানা নেই।”
ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
