২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিটারের আগুনে দগ্ধ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি হলের গণরুমে হিটার থেকে শরীরে আগুন ধরে এক ছাত্রী দগ্ধ হয়েছেন। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 01:12 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে বলে হলের প্রভোস্ট ড. তুহিন ওয়াদুদ জানিয়েছেন।

দগ্ধ ছাত্রী সাদিয়া ইরতিজ (২০) বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে রংপুর মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম বলেন, সাদিয়ার পিঠের আট শতাংশ ঝলসে গেছে। সেইসঙ্গে তার হাতের কিছু অংশও দগ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রভোস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণরুমে ১৮ জন শিক্ষার্থী বসবাস করে। সকাল সাড়ে ১০টার দিকে সাদিয়া হিটার বন্ধ করতে গেলে তার জামায় আগুন ধরে যায়।

“এ সময় তার চিৎকারে কক্ষের অন্যান্যরা এসে আগুন নেভায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়।”