দাসিয়ারছড়ায় ভিজিডি কার্ড নিতে সাঁকোর চাঁদা আদায়
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত সদ্যবিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ভারনাবল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি) কার্ড বিতরণের সময় সাঁকো তৈরির নামে আদায় করা হচ্ছে টাকা।
সুবিধাভোগীরা জানান, ভিজিডি কার্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে দাসিয়ারছড়ার নীলকমল নদীর উপর কাঠের সাঁকো তৈরির কথা বলে ৫০ টাকা করে নেওয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় পরিবারের সংখ্যার দ্বিগুণের বেশি কার্ড বরাদ্দ দেওয়া হলেও এ সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন দুঃস্থ অনেক নারী।
কার্ড বিতরণে ধনী-গরিব বিবেচনা না করেই একই পরিবারের একাধিক নারীকে সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ এসেছে।
গত ২২ নভেম্বর দাসিয়ারছড়ায় ভিজিডি কার্ড বিতরণের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক হাজার ৬৪৩ দশমিক ৪৪ একর আয়তনের দাসিয়ারছড়ায় ২০১৫ সালের জুলাই মাসের যৌথ হেড কাউন্ট অনুযায়ী পরিবারের সংখ্যা এক হাজার ৩৬৪টি।
ভিজিডি কর্মসূচির আওতায় সদ্য বিলুপ্ত এ ছিটমহলের দুই হাজার ৯৫০টি দুঃস্থ পরিবারের নারীদের জন্য কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ কার্ড ছিটমহলটির মোট পরিবারের দ্বিগুণেরও বেশি।
ইতোমধ্যে এক হাজার ৮৬৯টি পরিবারের নারীকে কার্ড দেওয়া হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
কিন্তু দাসিয়ারছড়ার বানিয়াটারী গ্রামের সায়মা বেগম, আমিনা খাতুন, রাবেয়া খাতুন, আলেয়া বেওয়া এবং খরিয়াটারী গ্রামের জাবেদা বেওয়াসহ অনেকই ভিজিডি কার্ড পাননি বলে জানিয়েছেন।
এদিকে বটতলা এলাকার অধিবাসী শহিদুলের স্ত্রী জ্যোৎস্না বেগম বলেন, তিনি এবং তার শাশুড়ি রহিমা বেগম একই বাড়িতে বাস করেন। তারা দুজনই ভিজিডি কার্ড পেয়েছেন।
বালাটারী গ্রামের সুমিনা বেগম, বানিয়াটারী গ্রামের কলিমা খাতুন, ছকিলা বেওয়া ও হাবিবপুর গ্রামের আছমা খাতুন জানান, তারা ভিজিডি কার্ড পেয়েছেন। তবে কাঠের সাঁকো তৈরির জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে কার্ড দেওয়ার সময়।
ওই অর্থ আদায়কারী একজন বালাটারী গ্রামের আব্দুল হাকিম বলেন, কাঠের সাঁকো নির্মাণের জন্য ভিজিডি কার্ডধারী প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে এ পর্যন্ত ৭৫ হাজার টাকা চাঁদা তোলা হয়েছে।
“আলতাফ হোসেন, আব্দুল খালেক ও আনিছুর রহমানসহ ১২ জন মিলে এই চাঁদা তুলেছি। এর মধ্যে সাঁকো মেরামতে আট হাজার টাকা খরচ করা হয়েছে।”
চাঁদা তোলার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ওঁরাও এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো জানেন বলে দাবি করেন হাকিম।
ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আদম আলী বকুল বলেন, দাসিয়ারছড়ার দোলাটারী, সমন্বয়টারী, বালাটারী ও হাজীটারী গ্রামগুলো তার ওয়ার্ডভুক্ত। তবে ভিজিডির তালিকা প্রণয়নে তারা সম্পৃক্ত ছিলেন না।
“তবে একই পরিবারে একাধিক কার্ডধারী রয়েছে ও ৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে।”
চাঁদা নেওয়ার বিষয়টি শুনেছেন জানিয়ে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে নেই এমন ব্যক্তিদের দিয়ে তালিকা তৈরি করা হয়েছে।
“তালিকা দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে একাধিবার অনুরোধ করা হলে তা দেখাননি।”
তালিকা তৈরির সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন থাকায় উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা মহিলা ও শিশু বিষযক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার আবু বকর সিদ্দিক, ট্রেইনার আরজিনা বেগম, এলসিবিসিই-এর প্রোগ্রাম অর্গানাইজার আরাফাত আলী ও উপজেলা পরিষদ লাইব্রেরির লাইব্রেরিয়ান সিরাজুল হক প্রামাণিকের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো।
তাছাড়া স্থানীয়ভাবে যে চাঁদা তোলা হয়েছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ওঁরাও বলেন, হেড কাউন্টিংয়ে অনেক একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ায় পরিবারের সংখ্যা বেড়েছে। তাছাড়া ছিটমহলের অধিবাসীরা নিজেরা উদ্যোগী হয়ে সাঁকো তৈরির উদ্যোগ নিয়েছেন।
এজন্য যে চাঁদা তোলা হয়েছে তার সঙ্গে উপজেলা প্রশাসনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
