২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে ত্রুটি সংশোধন 

‘প্রযুক্তিগত কারণে’ ত্রুটিযুক্ত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফলাফল সংশোধনের পর পুনঃপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের ২৪ নভেম্বর সংশোধনী ফলাফল প্রকাশ করা হয়। এ সময় প্রায় নয় হাজার পরীক্ষার্থীর ফলাফল সংশোধন করা হয়।

সংশোধনী ফল প্রকাশের দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের ২৭ সেপ্টম্বর চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়। এরপর এক পরীক্ষার্থী তার ফলাফল যাচাই করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেলে ফলাফলে ‘ত্রুটি’ ধরা পড়ে।

“এরপর ওই ফলাফল যাচাই করতে গেলে কিছু পরীক্ষার্থীর নম্বর বেড়ে যায় আবার কিছু শিক্ষার্থীর তা কমে যায়। এ বিপর্যয় নজরে আসার পর ফলাফল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে ২৮টি বিষয়ে সারাদেশে এক লাখ ২৩ হাজার ২৫৫ জন নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৯৯ হাজার ৫৭০ জন উত্তীর্ণ হন। পাসের হার ছিল ৮১ দশমিক ১৯ শতাংশ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, সংশোধনের ফলে প্রায় নয় হাজার শিক্ষার্থীর ফলাফলে কিছুটা ভিন্নতা এসেছে। এর মধ্যে পাঁচ হাজারের অধিক পরীক্ষার্থীর গ্রেডিং (সিজিপিএ) বেড়েছে।

অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, এ ঘটনা খতিয়ে দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হাফিজ মোহাম্মদ হাসান বাবুকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ২১ নভেম্বর সকালে উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে বলে জানান তিনি।