২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 10:49 AM

Updated : 12 Apr 2022, 03:23 AM

উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি সেলিম রেজা।

নিহতরা হলেন - হরিদাসপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী রুবিয়া বেগম (৩৫) ও ছেলে রিফাত (৬)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসিব ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে মালপত্র নিয়ে সপরিবার পিকআপে করে বাড়ি আসার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া হাসিব গুরুতর আহত হলে তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে, পরে ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি সেলিম।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে যান দুটি দুর্ঘটনায় পড়ে।