নাটোরে ট্রাক-পিকআপে পিষ্ট হয়ে ঝরল ৫ প্রাণ
নাটোরের লালপুর উপজেলায় ট্রাক ও পিকআপে পিষ্ট হয়ে এক রিকশাভ্যান চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন; আহত হন তিন জন।
ভ্যানচালক ছাড়া হতাহত সবাই শ্রমিক বলে জানান স্থানীয়রা।
শুক্রবার সকালে লালপুর-ঈশ্বরদী সড়কে লালপুর প্রেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি আবু ওবায়েদ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতরা হলেন রঞ্জু মন্ডল (২০), রাব্বি শেখ (২১) ও দিপু হোসেন (২৪)। তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ওবায়েদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে আসা একটি ট্রাক লালপুর পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
“এর পরপরই ভ্যানের পেছনে থাকা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতদের উপর উঠে পড়ে।”
ওসি বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আমিরুল ইসলাম (৪৫), যাত্রী সর্দার আবু তাহের (৭০), জিল্লুর রহমান ওরফে জিলু (৬৫) ও মখলেছুর রহমানকে (৪০) মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভ্যানের অপর এক যাত্রী জহুরুল ইসলামের (৫২) মৃত্যু হয় বলে জানান ওসি ওবায়েদ।
ভ্যানচালক আমিরুল ইসলাম দক্ষিণ লালপুরের তরি মন্ডলের ছেলে। বাকি সব হতাহতের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এবং তারা লালপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের শ্রমিক।
ওই প্রকল্পের শ্রমিক সর্দার বাবুল হোসেন জানান, এরা সবাই সকালে প্রকল্প এলাকায় আসার পথে দুর্ঘটনায় পড়েন।
লালপুর পেট্রোল পাম্পের কর্মচারী শামীম হোসেন বলেন, তিনি ওই সময় পাম্পের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ হলে তিনি সড়কে তাকিয়ে দেখেন একটি ট্রাক রিকশাভ্যানকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। তখনই পেছন থেকে একটা পিকআপ ঘটনাস্থল অতিক্রম করতে গেলে তাদের চাপা দেয়।
খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, ট্রাক নিয়ে চালক পালিয়েছে। পিকআপের চালক রাব্বি মন্ডলও পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। পিকআপ ও ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
লাশ লালপুরে হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
