২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীনের অগ্নিকাণ্ডের চার বছর, নিহতদের স্মরণ

ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের চার বছর পূর্তির দিনে নিহতদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 06:33 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের কারখানাটির সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানায়।

নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরাও পুড়ে যাওয়ার কারখানার সামনে জড়ো হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন শ্রমিকরা।

এ সময় তারা হাতে লাল পতাকা নিয়ে তাজরীনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনস কারখানায় আগুনে সরকারি হিসাবে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে আহত হন দেড় শতাধিক শ্রমিক।

আগুন লাগার পর শ্রমিকদের বের হতে না দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে সে সময় অভিযোগ ওঠে। এরপর তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।

আয়শা পারভীন নামে বেঁচে যাওয়া এক শ্রমিক বলেন, “চার বছর পরেও ওই দিনের স্মৃতি চোখের সামনে ভেসে উঠে। এখনও শুনতে পাই সেদিনের বাঁচাও বাঁচাও আর্তনাদ।”

ফিনিশিং শাখায় কাজ করতেন শাহনাজ বেগম। ঘটনার দিন তিনি পঞ্চম তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারাত্মক আহত হন।

তিনি বলেন, “লাফিয়ে পড়ে নিচে থাকা রডের আঘাতে ডান চোখ অন্ধ হয়ে গেছে। ডান পাও অচল। এ অবস্থা দেখে স্বামী জাবেদ মিয়া আরেকটি বিয়ে করে নতুন সংসার পেতেছে।

“দুই সন্তান নিয়ে খুব কষ্টে দিনযাপন করতে হচ্ছে।”

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন চৌধুরী, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস, গার্মেন্টস শ্রমিক সংহতি আশুলিয়া থানা কমিটির সভাপতি আমিনুল ইসলাম সামা, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ঢাকা জেলা কমিটি উত্তরের আহ্বায়ক মো. আব্বাস উদ্দীন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প-শ্রমিক লীগের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি সরোয়ার হোসেন, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খাঁন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গামের্ন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রেসহ অন্যান্য শ্রমিক সংগঠন নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন রাখা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।