২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমান সুযোগ চান সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন মনোনয়নপত্র জমা দিয়ে বলেছেন, নির্বাচনে তিনি সমান সুযোগ-সুবিধা চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 04:45 PM

Updated : 25 Jul 2022, 09:33 PM

জেলা শহরের ক্লাব কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় নির্বাচন কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি।

নির্বাচনে সব প্রার্থীর জন্য একই সুযোগ-সুবিধা দাবি করে তিনি বলেন, “বিরোধী দল হিসেবে আমাদের যেন হাত-পা বেঁধে রাখা না হয়। ক্ষমতাসীন দলকে যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয় সেই একই সুযোগ-সুবিধা আমাদেরও যেন দেওয়া হয়।”

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিল না দাবি করে তিনি বলেন, “এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের সুযোগ আসায় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

“নারায়ণগঞ্জ থেকে সারাদেশের মানুষের মধ্যেও আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনার সৃষ্টি হবে। হারানো গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে - এই আশা-প্রত্যাশা নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”

তিনি কয়েকটি অভিযোগও এনেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের বিরুদ্ধে।

তিনি বলেন, “অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। বৈধ অস্ত্রও উদ্ধার করা হয়নি। এই বৈধ অস্ত্র দিয়েও নির্বাচনে প্রভাব বিস্তার করা হতে পারে।”

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর দাবি জানান, যদিও কী ধরনের অবনতি রয়েছে সে সম্পর্কে কিছু বলেননি।

তিনি বলেন, “প্রশাসন থেকে আমাদের নেতাকর্মীদের অযথা ভয়ভীতি ও হুমকি-ধামকি দেওয়া বন্ধ করতে হবে।” তবে তিনি কী ধরনের ভয়ভীতি বা হুমকি-ধামকি পেয়েছেন সে সম্পর্কে কিছু বলেননি।

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে সারাদেশে পরিচিতি পাওয়া সাখাওয়াত প্রশাসনের কর্মকর্তাদের সম্পর্কে বলেন, “দলবাজ যেসব কর্মকর্তা সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে তাদের প্রত্যাহার করতে হবে এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।”

তবে কোনো দলবাজ কর্মকর্তার নাম বলেননি মেয়র প্রার্থী সাখাওয়াত।

নারায়ণগঞ্জের মানুষ তার যোগ্যতার বিচারে ভোট দেবে নাকি ধানের শীষে ভোট দেবে, সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যতটুকু যোগ্য, আমিও তার চেয়ে কম নই। সাত খুনসহ নানা ঘটনায় আমি নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলাম। নারায়ণগঞ্জের মানুষ জেগে উঠেছে। নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তন চায়।”

নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষে ভোট দেবে দাবি করে তিনি এর কারণ হিসেবে বলেন, “একদিকে ধানের শীষ মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক, অপরদিকে গণতন্ত্র হরণ ও হত্যার প্রতীক। সুতরাং নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষে ভোট দেবে এটাই আমাদের বিশ্বাস।”

নারায়ণগঞ্জের ৬৫ শতাংশ মানুষ বিএনপির সমর্থক দাবি করে তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারলে বিএনপির প্রার্থীই জয়ী হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রার্থীর সঙ্গে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন, মনোনয়নবঞ্চিত নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল উপস্তিত ছিলেন।

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা।