১০৭ রোহিঙ্গা, ৮ ট্রলার ফেরত পাঠিয়েছে বিজিবি
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী আটটি ট্রলার এবং ১০৭ জন রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠিয়েছে বিজিবি।
সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তাকারীরা টেকনাফের বিভিন্ন স্থানে লুকিয়ে আছে এমন খবরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ছয় ‘দালালকে’ আটক করা হয়। পুলিশও একজনকে আটক করে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশ চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী আটটি ট্রলার ফিরিয়ে দেন তারা।
“এছাড়া অনুপ্রবেশের সহায়তার অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করা হয়।”
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, উখিয়ার বালুখালী, থাইংখালী এবং ঘুমধুমের কয়েকটি সীমান্ত পয়েন্টের শূন্যরেখা দিয়ে অনুপ্রবেশ চেষ্টার সময় ১০৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
এদের মধ্যে ৩০ পুরুষ, ২৯ নারী ও ৪৮ জন শিশু রয়েছে বলে ইমরান জানান।
টেকনাথ থানার মো. আবদুল মজিদ জানান, সকালে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম নাভেদ নামে এক দালালকে তারা আটক করেন।
বিজিবি বলছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানের পরও দালালদের মাধ্যমে তারা বাংলাদেশে ঢুকছে।
বুধবারও কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা ৭০ রোহিঙ্গা ও চার দালালকে আটকের কথা জানায় পুলিশ।
গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর আশপাশের এলাকাগুলোয় ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় শুরু হয় সেনাবাহিনীর অভিযান।
এই অভিযানে সেনাবাহিনী নির্বিচারে হত্যা ও জ্বালাও-পোড়াও করে সংখ্যালঘু রোহিঙ্গাদের এলাকা ছাড়তে বাধ্য করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
রোহিঙ্গাদের সীমান্তমুখী ঢলে নতুন সঙ্কট তৈরির প্রেক্ষাপটে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগও জানানো হয়েছে।
