টেলিটকের রংপুর কার্যালয়ে চুরি: দুই কর্মচারীসহ গ্রেপ্তার ৩
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের রংপুর আঞ্চলিক কার্যালয়ে চুরির ঘটনায় দুই কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ও বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এক কোটি তিন লাখ টাকার সিম ও মোবাইল ফোন রিচার্জ কার্ড উদ্ধার করা হয়েছে।
গত ২৫ অক্টোবর রাতের কোনো এক সময় পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন রংপুর স্কাউট ভবনের নিচ তলায় টেলিটকের আঞ্চলিক কার্যালয়ে চুরি হয়। সেখান থেকে এক কোটি ১৬ লাখ টাকার সিম ও রিচার্জ কার্ড চুরি হয়।
পরিদর্শক আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে ইব্রাহীম ইসলাম আউয়ালকে গ্রেপ্তার করা হয়। পরে ইব্রাহীমের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার অভিযান চালিয়ে নাজমুল ইসলাম নিশার ও লেমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গণেশপুর ক্লাব মোড়ে লেমন মিয়ার ‘রংধনু’ নামে মোবাইল সিম ও রিচার্জ কার্ডের দোকান রয়েছে।
তিনজনের বাড়ি থেকে এক কোটি তিন লাখ টাকার সিম ও রিচার্জ কার্ড উদ্ধার করা হয়। এরমধ্যে এক হাজার ৪৭১টি সিম রয়েছে বলে জানান তিনি।
চুরির ঘটনায় গত ২৬ অক্টোবর টেলিটক রংপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আলজি ইসলাম কোতোয়ালি একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার রাতে ইব্রাহীমকে গ্রেপ্তারের পর তিনি একটি চুরি মামলা করলেও কাউকে আসামি করেননি বলে জানান পুলিশ কর্মকর্তা আজিজুল।
