২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে হামলাকারীদের পালানো রোধে বন্দরে সতর্কতা জারির আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতা জারির আবেদন জানিয়েছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 05:30 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকা কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান।

তিনি বলেন, নাসিরনগরের হামলা মামলার আসামিরা যেন পালাতে না পারে সেজন্য মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) মাধ্যমে বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে সতর্কতা জারি করতে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে নাসিরনগরে হামলায় জড়িত কেউ যেন পালাতে না পারে সেজন্য আখাউড়া-আগরতলা সীমান্তে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে বিজিবি।

বুধবার সকাল থেকে এ ব্যাপারে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছে বলে ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে একটি তালিকা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কেউ যেন পালাতে না পারে এবং অপরিচিত কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য আমরা সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করছি।”

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাংচুর-লুটপাট চালানো হয়। এরপর ওই এলাকায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে তিন দফা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।   

এ সব ঘটনায় নাসিরনগর থানায় এ পর্যন্ত সাতটি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছে।