আশুলিয়ায় আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ২০
ঢাকার আশুলিয়ায় দুইটি কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে।
বুধবার আশুলিয়ার পুকুরপাড় এলাকার ‘কন্টিনেন্টাল গামের্ন্টস লিমিটেড’ ও কাঠগড়া এলাকার ‘এভারব্রাইট লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান জানান।
তিনি বলেন, সকালে কন্টিনেন্টাল গামের্ন্টসের তৃতীয় তলায় ঝালাইয়ের কাজ করার সময় পাশে থাকা কাপড়ে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেললেও আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ শ্রমিক আহত হয়েছে।
তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে দুপুরে কাঠগড়া এলাকার ‘এভারব্রাইট লিমিটেড’ কারখানার ষষ্ঠ তলায় হঠাৎ করে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ তা নিভিয়ে ফেলে।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, “পুকুরপাড় এলাকার ‘কন্টিনেন্টাল গামের্ন্টস লিমিটেড’ কারখানায় আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কারখানা কর্তৃপক্ষ তা নিভিয়ে ফেলেছে।”
