সাদুল্লাপুরে ধানক্ষেতে মাছ ব্যবসায়ীর লাশ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গ্রামের একটি ধানক্ষেতে সুনীল চন্দ্র দাশ নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।
তিনি বলেন, সুনীলের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন সরকার বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে বলেন, সাদুল্লাপুর বাজারের আড়ৎ থেকে মাছ কিনে সাহারবাজারে বিক্রির পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তির পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন সুনীল।
পরিবারের বরাত দিয়ে ওসি ফরহাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে সদরের সাহারবাজার থেকে সবজি কেনেন সুনীল। এরপর বাজারের ব্যাগ নিয়ে ছেলে বাড়ির দিকে রওনা হলে সুনীল বাইসাইকেলে করে ব্যক্তিগত কাজে গাইবান্ধার দিকে রওনা হন। পরে তিনি আর বাড়ি ফেরেননি।
সকাল ১০টার দিকে বাড়ির কাছে একটি ধানের জমিতে সুনীলের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।
