নারায়ণগঞ্জে ২ ‘জঙ্গি’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই ‘সদস্যকে’ জিহাদি বইসহ গ্রেপ্তারের খবর দিয়েছে র্যাব।
এরা হলেন ময়মনসিংহের আব্বাস আলী (২৭) ও রংপুরের সাব্বির হোসেন ওরফে রাজু (২২)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, “সোমবার রাত সোয়া ২টার দিকে সিদ্ধিরেগঞ্জের শিমরাইল এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। র্যাবের এ অভিযানে জিহাদি বই, সরকার বিরোধী লিফলেট, দুটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার হয়েছে।”
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, সহকারী পুলিশ সুপার মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন উপস্থিত ছিলেন।
