২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পড়শির লাঠির আঘাতে একজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লাউয়ের ক্ষেতের জাল ছেঁড়াকে কেন্দ্র করে মারামারিতে আহত এক পোশাক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 04:31 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে তার মৃত্যু হয় বলে জানান কালিয়াকৈর থানার এসআই মো. মিজানুর রহমান।

নিহত শুকুর মিয়া ওরফে শুক্কু (৪৫) কালিয়াকৈরের ফারইস্ট নিটিং কারখানার লোডার ছিলেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শাহপাড়া খলশি এলাকার খলিলুর রহমানের ছেলে।

গ্রেপ্তার উজ্জ্বল (২৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মালঞ্চ এলাকার দুদু মিয়ার ছেলে।

এসআই মিজানুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, শুকুর মিয়া কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার আমিরুল ইসলাম সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। চাকরির পাশাপাশি ভাড়াবাড়ির পাশে ফাঁকা জায়গায় লাউ চাষ করতেন শুকুর। তিনি জাল দিয়ে লাউক্ষেতে বেড়া দেন।

“গত রোববার জালের বেড়া ছেঁড়া দেখে শুকুর গালাগাল করেন। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া উজ্জ্বল প্রতিবাদ করলে তাদের মধ্যে কথাকাটা হয়। একপর্যায়ে উজ্জ্বল লাঠি দিয়ে শুকুরের মাথায় আঘাত করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তিনি মারা যান।”

ঘটনার পর নিহতের স্ত্রী শিউলী বেগম থানায় মামলা করলে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই মিজানুর রহমান।

মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।