২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার তিন সপ্তাহ পর আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পীযূষ কান্তি আচার্য,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 11:35 AM

Updated : 11 Oct 2022, 09:21 PM

সরজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হিন্দুরা বাড়িঘর মেরামতের কাজ শুরু করেছেন।

ফেইসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

প্রায় দুই সপ্তাহ থমথমে পরিস্থিতি চলার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় এলাকার পরিবেশ।

উপজেলা সদরের ক্ষতিগ্রস্ত অমূল্য দাশ বলেন, “কদিন আগেও সব সময় ভাংচুর ও আগুনের ভয় ছিল। এখন তা অনেকটাই কমে গেছে। বর্তমানে আমরা ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঠিক করছি।”

ক্ষতিগ্রস্ত কাশিপাড়ার বিমল বিহারী চৌধুরী জানান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিন বান্ডেল টিন ও ২১ হাজার টাকা সহায়তা পেয়েছেন। তাই দিয়ে ঘরবাড়ি ঠিক করছেন।

ক্ষতিগ্রস্ত ঘর ঠিক করার কাজে আসা কাঠমিস্ত্রি লিটন সূত্রধর বলেন, “এখন আর ভয় নেই আমাদের মনের মধ্যে। সবাই বাড়িঘর ঠিক করার কাজে ব্যস্ত সময় পার করছে। এখন এলাকায় অনেক কাজ।”

এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে জানান নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. লিয়াকত আলী।

“ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রায় শতাধিক পরিবারকে বিভিন্নভাবে পাওয়া অনুদান দেওয়া হয়েছে। সরকারিভাবে ছয় লাখ টাকা, বিভিন্ন খাত থেকে পাওয়া আরও নয় লাখ টাকা ও ১১৪ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। এখন তারা তাদের ঘরবাড়ি ও মন্দির মেরামত করছেন।”

ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা করা হবে বলে তিনি জানান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, নাসিরনগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সাদা পোশাকধারী পুলিশসহ প্রায় ৩০০ পুলিশ মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ সব পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

নাসিরনগরের সার্বিক পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

এছাড়া সম্প্রদায় সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে সোমবার বিকালে সরাইল থানা প্রাঙ্গণে পুলিশ এক সমাবেশ করেছে। সেখানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা প্রধান অতিথির বক্তব্য দেন। প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সমাবেশে বক্তারা হিন্দুপল্লীতে হামলা চালিয়ে অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হানার সমালোচনা করেন। তারা সম্প্রীতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান।