২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের আরও ৩ শতাধিক নাগরিককে ফেরত

কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের তিন শতাধিক নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 09:43 AM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সীমান্তের বিভিন্ন পয়েন্টের শূন্যরেখা থেকে সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত তাদের ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবি কর্মকর্তারা।

এর আগে গত ১৯ নভেম্বর মিয়ানমারের আরও ১২৫ নাগরিককে ফেরত পাঠায় বিজিবি।

টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলা ঘটনার পর থেকে সেদেশের সেনাবাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে।

“অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থান নিয়েছে। সোমবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮০ জনের বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।”

একই পয়েন্ট দিয়ে সোমবার রাত ১২টার পর থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ২০টি নৌকাভর্তি রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরও বিজিবি তাৎক্ষণিকভাবে ফেরত পাঠায় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

এই ২০ নৌকায় শতাধিক রোহিঙ্গা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আরও ১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যু হয়। এরপর আশপাশের এলাকাগুলোয় ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় শুরু হয় সেনাবাহিনীর অভিযান।

সেখানে ত্রাণকর্মী ও নিরপেক্ষ পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গ্রামগুলোয় চিরুনি অভিযান চলছে বলে রয়টার্সের খবর।

মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা কয়েক যুগ ধরে বাংলাদেশে আসছিল। বর্তমানে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশ।

পুরনো খবর:

টেকনাফে প্রবেশের চেষ্টাকালে ১২৫ রোহিঙ্গাকে ফেরত