২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান কাটার প্রস্তাব নিয়ে সাঁওতাল পল্লীতে চিনিকল কর্তৃপক্ষ

গাইবান্ধার রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালদের ফসল তাদের বুঝিয়ে দিতে হাই কোর্টের নির্দেশের পর তাদের ধান কেটে দেওয়ার প্রস্তাব দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 08:49 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, রংপুর চিনিকলের এমডি আব্দুল আউয়াল ও ওসি সুব্রত কুমার সরকার মাদারপুর গ্রামে গিয়ে সাঁওতালদের নেতাদের সঙ্গে দেখা করে তাদের রোপণ করা ধান কেটে দেওয়ার জন্য চাষিদের তালিকা চান।

তবে সাঁওতাল নেতারা জমির ধান তারা নিজেরাই কাটবেন বলে জানান।

রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের পর গত ১১ নভেম্বর এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ জমিতে সাঁওতালদের চাষের ধান কাটতে দেওয়ার দিতে হবে, নয়ত চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেবে বলে নির্দেশ দেয়।

উচ্ছেদ হওয়া সাঁওতালদের ভাষ্য, তারা একশ একর জমিতে ধান এবং প্রায় আটশ একর জমিতে মাস কালাই, সরিষা ও পাট চাষ করেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হান্নান বলেন, বেলা সোয়া ১২টার দিকে সাহেবগঞ্জ খামারের ধানের জমি পর্যবেক্ষণ শেষে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশসহ তিনি মাদারপুর চার্চ এলাকায় যান। সেখানে গিয়ে আদিবাসীদের রোপণ করা আমন ধান কাটার বিষয়ে আলোচনা হয়।

সাঁওতাল নেতা টাটু টুডু এবং বার্নাবাস টুডু জানান, যেহেতু ওই জমিতে তারা সম্মিলিতভাবে ধান চাষ করেছেন। তাই কীভাবে ধান কাটবেন সে সিদ্ধান্ত আগামী মঙ্গল-বুধবারের মধ্যে মিল কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানাবেন।

“এখনও কিছু জমির ধান পাকেনি বলে সে জমিগুলোতে পানি দেওয়া দরকার বলেও জানায় তারা,” বলেন ইউএনও।

তাদের ওই জমিতে পানি দেওয়ার ব্যবস্থা নিতেও আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য ও মাদারপুরের গ্রাম প্রধান বার্নাবাস টুডু বলেন, “মিল কর্তৃপক্ষ ধান কেটে দিতে চেয়েছিল। কিন্তু আমরা জানিয়ে দিয়ে,ছি নিজেরাই ওই জমির ধান কাটব।

“এ জন্য তাদের কাছ থেকে দুইদিন সময় নেওয়া হয়েছে।”

আরও চারজন গ্রেপ্তার

সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সোমবার ভোরে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনিয়ে গত চার দিনে ১৬ জনকে গ্রেপ্তার করা হল।

এরা হলেন উপজেলার তরফকামাল গ্রামের কাজেম উদ্দিনের ছেলে শায়েদ আলী (৩৫), একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (২৮), সাহেবগঞ্জ গ্রামের মৃত আসমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও মাদারপুর গ্রামের দারাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৫৪)।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু নামে এক যুবক ওই ঘটনায় বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা ৫০০/৬০০ জনকে আসামি করে যে মামলা করেছেন ওই মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিসির বক্তব্যে ক্ষুব্ধ সাঁওতালরা

বিরোধপূর্ণ চিনিকলের জমিতে সাঁওতালদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদের দেওয়া বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাঁওতালরা।

জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেণ বলেন, “জেলা প্রশাসক আমাদের দাবির প্রতি অবমাননাকর উক্তি করেছেন। আমরা বাপ দাদার জমি ফেরত পাবার জন্য জীবন দিয়েছি, সেই জমি আমাদের ফেরত দিতে হবে।

“যেহেতু চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের চুক্তি ভঙ্গ করেছে তাই আমরা আমাদের পূর্ব পুরুষের জমি ফেরত চাই।”

উচ্ছেদ হওয়া সাঁওতাল পরিবারগুলো সোমবারও মাদারপুর মিশন গির্জা সংলগ্ন খোলা মাঠ, গাছ-গাছালির আড়ালে এবং পরিত্যক্ত ঘরের বারান্দায় বসবাস করছে।

রোববার ওই সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, সেসময় সরকার তাদের ক্ষতিপূরণ দিয়েই জমি অধিগ্রহণ করেছিল। তারা রাজী হলে কাটাবাড়ি ইউনিয়নের ১৪ দশমিক ২৬ একর জায়গায় আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন সাঁওতালদের পুনর্বাসন করা যাবে।

জেলা প্রশাসকের এমন ঘোষণা আদিবাসী এ নেতা বলেন, জেলা প্রশাসক বলেছেন মাত্র ৩১ জন ভূমিহীন সাঁওতাল আছে। এটিও একটি ‘চরম অসত্য’ কথা। লুকোচুরির করার কিছুই নাই।

“এটা আজ সবার জানা কয়টি সাঁওতাল পরিবারকে ওই জমি বসতি থেকে উচ্ছেদ করা হয়েছে। আর কতজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।”

বার্নাবাস টুডু বলেন, “আমরা জেলা প্রশাসকের করুণা চাই না। আমরা আমাদের বাপ দাদার জমি ফেরত চাই। আমরা কোনো পুনর্বাসন কেন্দ্রে যাব না।”

গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দুপক্ষের সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘর ও ফসলের ক্ষেতে লুটপাট হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেওয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দেয়।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।

১৯৬২ সালে অধিগ্রহণ করে আখ চাষের জন্য গড়ে তোলা সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা থেকে সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ সাঁওতালদের উচ্ছেদ করার পর তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

উচ্ছেদের পর ওই জমিতে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছে সাঁওতালরা, যাদের পূর্বপুরুষদের জমি নিয়ে ওই খামার গড়ে তোলা হয়েছিল।