মুন্সীগঞ্জে পুলিশের পিটুনিতে বিএনপির বিক্ষোভ পণ্ড
মুন্সীগঞ্জে পুলিশের লাঠিপেটায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে।
সোমবার সদরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতা ও উপজেলার পঞ্চস্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
“পরে কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় “
তিনি বলেন, এতে তিনিসহ সদর উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান হাবিবুর রহমান।
তবে লাঠিপেটার বিষয়টি এড়িয়ে গিয়ে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুর রহমান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
