২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান এবং সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সোমবার দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গাফুরাবাদ গ্রামে অস্ত্র তৈরির এ কারখানার সন্ধান পাওয়া যায় বলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান।

আটক রেজাউল করিম (৩৮) ওই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলভার ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে গাফুরাবাদ গ্রামের একটি বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছে। এমন তথ্যে সোমবার দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে পুলিশ বাড়িটি ঘিরে রাখে।

“পরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরিরত অবস্থায় রেজাউল করিমকে আটক করা হয়।”

এ সময় প্রায় ৫০টি অর্ধ সম্পূর্ণ রিভলভার, লেদ মেশিন, টুলবক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হাজির করা রেজাউল করিম সাংবাদিকদের বলেন, তিনি ২০১০ সলে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর ভারত থেকে একটি অস্ত্রের নমুনা সংগ্রহ করে সেই মোতাবেক অস্ত্রগুলো তৈরি শুরু করেন।

রেজাউল দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে বিক্রি করছেন বলে জানান পুলিশ সুপার।