২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহতের ঘটনায় ৩ মামলা

ফেনী সদরে কথিত বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন ডাকাত নিহতের ঘটনায় তিনটি মামলা করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 08:30 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

র‌্যাব ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, শুক্রবার রাতে র‌্যাবের পক্ষ থেকে করা তিনটি মামলায় অজ্ঞাত পরিচয় ১৫ জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে র‌্যাবের সঙ্গে আধঘণ্টার বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্কোয়াড্রন লিডার সাফায়েত বলেন, “বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার ও আইশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় মামলা তিনটি করা হয়েছে।  উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।”

ফেনী মডেল থানায় পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামন জানান, ফেনী জেলা সদর হাসপাতালে নিহত দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখনও লাশ দুটির পরিচয় মেলেনি।

রোববার দুপুর পর্যন্ত কেউ লাশ নিতে না এলে পৌরসভার সুলতানপুর কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।  

পুরনো খবর:

ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২