রাবির দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
নিজেদের মধ্যে মারামারি করায় রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) দুই শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থীকে বহিষ্কারের এ ঘটনা ঘটে বলে জানান প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অনিল চন্দ্র দেব।
এরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান পলাশ এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী।
এদের মধ্যে আব্দুর রহমান পলাশ আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাধ্যক্ষ বলেন, আলী ও পলাশ হলের ১২১ এবং ১২২ নম্বর কক্ষে থাকে। শুক্রবার রাতে তাদের মধ্যে টাকাসহ নানা ধরনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আলীকে চড় দেয় পলাশ।
“পরে বিষয়টি আলী রাত সাড়ে ১০টার দিকে আমাকে ফোনে বিষয়টি জানায়। বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য শনিবার বিকেল ৫টায় তাদের সঙ্গে বসাবো বলে জানাই। সেজন্য বেলা দেড়টার দিকে হলের এক আবাসিক শিক্ষককে তাদের কাছে পাঠাই।
“ওই শিক্ষক ফিরে আসার কিছুক্ষণ পরেই তারা আবার মারামারি করে। এসময় পলাশের মাথা ফেটে যার আলীর ধাক্কায়।”
শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ।
