২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দায়িত্বে আনোয়ারকেই চান আইভী

সিটি করপোরেশনে আগের নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেনকে এবারও একই দায়িত্ব দিতে চান দলের মনোনয়ন পাওয়া এই নেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 04:39 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

শহরের দেওভোগে আইভীর পৈতৃক বাড়িতে শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।  

গত ১৫ নভেম্বরের মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাব করা হলেও দল থেকে মনোনয়ন পান আইভী।

একই পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের সঙ্গে কাজ করবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি মনে করি আনোয়ার কাকা একজন খাঁটি আওয়ামী লীগার, উনি আমার সাথে কাজ করবেন। অন্যরা যারা কাজ করতে চান, তাদেরও স্বাগত জানাই।

“উনি আমার শ্রদ্ধেয় একজন মানুষ। আমার আগের নির্বাচনের দায়িত্বে তিনি ছিলেন। এবারও আমার নির্বাচনের দায়িত্ব তাকে দিতে চাই।”

আইভী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে কমবেশি প্রতিযোগিতা নেই। নারায়ণগঞ্জ এর বাইরে নয়। এ রকম ঘটনা অতীতে ঘটেনি তা কিন্তু নয়।

“গত ১৫ নভেম্বরের মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে হয়ত কোনো অদৃশ্য শক্তির ইশারায় আমার নাম প্রস্তাব করা হয়নি; কিন্তু আমি তো মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছি। সার্বিক বিবেচনায় মনোনয়ন বোর্ড আমাকে মনোয়ন দিয়েছে। তৃণমূলে এ নিয়ে কোনো সমস্যা হবে না; কারণ তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী আমার সাথে আছে।”

এলাকায় নেতৃত্বে প্রতিযোগিতা আছে উল্লেখ করে তিনি বলেন, “সে কারণে কমবেশি দ্বন্দ্ব বিভেদ থাকতে পারে। আমি মনেকরি একসাথে সকলে মিলে মিশে কাজ করব। যে যেই পক্ষেই থাকুক না কেন, একটি নির্বাচন শুরু হলে তার আগে অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে; কিন্তু যখন দল সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত সবাই মেনে নেয়।” 

আসন্ন সিটি নির্বাচনে শামীম ওসমানের কী ভূমিকা হবে প্রশ্নে আইভী বলেন, “আমি কী করে বলব উনার কী ভূমিকা হবে। এই প্রশ্নের জবাব উনাকে করেন। উনি বলবেন, তার কী ভূমিকা হবে।”

তবে শামীম দলের অনুগতকর্মী হলে নিশ্চয়ই দলের নির্দেশ মেনে চলবেন, আশা করছেন আইভী।

শামীম ওসমানের বাড়িতে যাবেন কি না- প্রশ্ন করা হলে আইভী বলেন,  “প্রয়োজন মনে হলে যেতে পারি। আমি ভোট চাইতে যাব না? উনি আমার ভোটার। আমি যদি দলমত নির্বিশেষে বাড়ি বাড়ি ভোট চাইতে যেতে পারি, তাহলে উনার বাড়িতে নয় কেন?”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর আইভি আনোয়ার হোসেনের বাসায় যান। তবে আনোয়ার হোসেনসহ তার পরিবারের কেউ ওই সময় বাসায় ছিলেন না।

গত ১৫ নভেম্বর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে নগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাব করা হয়, যেখানে আইভীর নাম ছিল না।

২০১১ সালে দলের স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতার বিরোধিতার মধ‌্যেও প্রার্থী হয়ে দলের আরেক নেতা এ কে এম শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটের ব‌্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আইভী।

পুরনো খবর:

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করব না: আইভী
নারায়ণগঞ্জে আ. লীগের প্রার্থী আইভী