সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তালাক দেওয়ার এক বছর পর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মহিমাগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেল লাইনের পাশ থেকে শনিবার শাম্মী আকতার বৃষ্টির (২৫) লাশ উদ্ধার করা হয়।
শাম্মী মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় পূর্বপাড়া বালুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।
জহুরুল ইসলাম জানান, আড়াই বছর আগে শাম্মীর সঙ্গে একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে বিজিবির সৈনিক পদে কর্মরত শফি সরকারের বিয়ে হয়। এক বছর আগে তাকে তালাক দেন শফি সরকার।
এনিয়ে শাম্মী আকতার আদালতে একটি মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন বলে জানান জহুরুল।
“শুক্রবার (১৮ নভেম্বর) সকালে মোবাইল ফোনে শাম্মীকে ডেকে নেন শফি সরকার। এরপর আর রাতে বাড়ি ফিরেনি শাম্মী।”
তাদের অভিযোগের কারণে শফি সরকারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জহুরুল হক জানান।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, স্থানীয়রা সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“তার ডান পায়ের পাতায় জমাট বাঁধা রক্ত ও গলায় জখমের চিহ্ন ছিল। পরনের কালো রংয়ের বোরকাটা তার গলায় পেঁচানো ছিল। পাশে একটি ভ্যানটি ব্যাগে মোবাইল ফোনসহ প্রসাধন সামগ্রীও ছিল।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত এবং জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
