২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিঁয়াজের দরপতনে হতাশ চাষিরা

পিঁয়াজের দর কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছে পিঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। কোনো কোনো ক্ষেত্রে চাষিদের উৎপাদন খরচও উঠে আসছে না বলে জানান তারা।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 01:10 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

এর কারণ হিসেবে চাষিদের সঙ্গে কৃষি বিভাগও পিঁয়াজ আমদানিতে সরকারের সঠিক নিয়ন্ত্রণের অভাব বলে মনে করছে।

ফরিদপুরের বোয়ালমালী, মধুখালী, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদর ও সদরপুর উপজেলায় বিস্তীর্ণ এলাকায় পিঁয়াজের আবাদ হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত মৌসুমের চেয়ে এই মৌসুমে পিঁয়াজ চাষাবাদ বেশি হয়েছে। এই বছর দুই জাতের পিঁয়াজের চাষ হয়েছে। এর মধ্যে তাহেরপুরী প্রায় ৯০ শতাংশ আর ফরিদপুরী ১০ শতাংশ। জেলায় ৩৫ হাজার ৫০ হেক্টর জমিতে এই দুই জাতের পিঁয়াজ আবাদ করে চাষিরা।

এবার জেলায় পিঁয়াজ উৎপাদিন হয়েছে তিন লাখ ৩৩ হাজার ২৮৬ মেট্রিক টন, যা গত মৌসুমে চেয়ে প্রায় ৩০ হাজার মেট্রিক টনের বেশি।

জেলার অন্যতম পিঁয়াজের হাট কানাইপুর বাজার। সপ্তাহে দুইদিন এই হাট বসে। এই বাজারে গিয়ে দেখা গেছে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে পিঁয়াজ চাষি কিংবা ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে বাজারে আসছেন। এখানে পিঁয়াজের আমদানি বেশ ভালো হলেও ক্রেতা তেমন নেই।

সালথা উপজেলার আটঘর থেকে আসা পিঁয়াজ চাষি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিঁয়াজ উৎপাদনে যে খরচ হয়েছে এখন তা তুলতে পারছেন না। অনেকটা পানির দামে এই পিঁয়াজ বিক্রয় করতে হচ্ছে তাদের।

“এখন আমাদের পুঁজি নিয়ে পড়েছি বিপদে।”

এই বাজারের আসা আরেক চাষি মোখলেস মৃধা বলেন, “পিঁয়াজের মৌসুমে এনজিও থেকে লোন করে পিঁয়াজ আবাদ করেছিলাম। প্রথমদিকে ভালো দাম পেলেও এখন দাম একদম নেই। কীভাবে লোনের টাকা শোধ করব বুঝতে পারছি না।”

কানাইপুর বাজারের পিঁয়াজের আড়তদারা আনন্দ সাহা বলেন, পিঁয়াজের মৌসুমে মণ প্রতি কেনা হয়েছিল ১২শ থেকে ১৩শ টাকা দরে; কিন্তু এখন বাজার দাম নেই। বাধ্য হয়ে ৪শ থেকে ৬শ টাকা মণ দরে পিঁয়াজ বিক্রয় করতে হচ্ছে।

“সরকার বিদেশ থেকে পিঁয়াজ আমদানি করে; সেখানে সঠিক নিয়ন্ত্রণ থাকলে পিঁয়াজের এভাবে দরপতন হতো না।”

তার মতো অনেক আড়তদার পিঁয়াজ কিনে বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন বলে জানান আনন্দ সাহা।

এই বাজারের ইজারাদার মো. সেলিম মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সপ্তাহে শুক্র ও মঙ্গলবার বড় হাট বসে এখানে। প্রতি হাটেই প্রচুর পিঁয়াজ বাজারে ওঠে; কিন্তু বেচা-কেনা নেই।

“আর ভালো বেচা-কেনা না হলে আমরাও তো খাজনা তুলতে পারছি না। আমি যে টাকা দিয়ে হাটের ইজারা নিয়েছি এখন বাজার ভালো না হলে ক্ষতির মধ্যে পড়ব।”

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আবদুর রউফ বলেন, পিঁয়াজের আমদানির ক্ষেত্রে আরো নিয়ন্ত্রণ বাড়ানো গেলে এমন অবস্থার সৃষ্টি হতো না।

তিনি আরও বলেন, “এবার আমরা পিঁয়াজ চাষিদের পরামর্শ দিয়েছি ভালআ মানের বীজ দিয়ে আবাদ করতে এবং প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করতে। এতে তাদের উৎপাদন যে কোনো সময়ের চেয়ে বেশি হবে। আর উৎপাদন বেশি হলে দর কিছু কমবেশি হলেও চাষিরা ক্ষতির মুখে পড়বে না।”